ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের পক্ষ থেকে বাংলাদেশে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’-এর তৎপরতা ও তাদের ওপর ইসরায়েলের নজরদারির যে দাবি করা হয়েছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মিথ্যাচার বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের নেটিজেনরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরটির পর সাধারণ নাগরিক ও নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার বিরুদ্ধে একটি গভীর চক্রান্তের অংশ।
![]() |
| ছবি সংগৃহিত |
নেটিজেনদের একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বাংলাদেশ সবসময়ই ফিলিস্তিনের মজলুম জনগণের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। এই ধরনের অবাস্তব দাবি তুলে ইসরায়েল আসলে বাংলাদেশের ওপর অন্যায় আন্তর্জাতিক চাপ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অনেকেই মন্তব্য করেছেন, ভারতে বসে ইসরায়েলি রাষ্ট্রদূতের এই ধরনের বক্তব্য দেওয়ার পেছনে আঞ্চলিক রাজনীতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট কোনো গোপন এজেন্ডা থাকতে পারে।
সাধারণ মানুষ এবং নেটিজেনরা জোরালোভাবে উল্লেখ করেছেন যে, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় ও স্বাধীন রাষ্ট্র, যেখানে কোনো বিদেশি সংগঠনের বেআইনি তৎপরতার সুযোগ নেই। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে দেশের জনগণ ও প্রশাসন সর্বদা সচেতন। এই ধরনের অসত্য প্রোপাগান্ডা বা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যেকোনো প্রচেষ্টাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের সচেতন নাগরিক সমাজ।
