ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

বিএনপির ইতিহাস বিকৃতির নগ্ন অপচেষ্টা: ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শনে তীব্র ক্ষোভ জাতীয় নাগরিক পার্টির

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ শনিবার 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক বস্তুনিষ্ঠতা ও সত্যকে বিকৃত করার নগ্ন চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে। আন্দোলন ও সংগ্রামের প্রকৃত ইতিহাস আড়াল করে বিএনপি তাদের দলীয় ইতিহাস তুলে ধরার অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

বিএনপির ইতিহাস বিকৃতির নগ্ন অপচেষ্টা: ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শনে তীব্র ক্ষোভ জাতীয় নাগরিক পার্টির

প্রতিনিধি দলের অন্যতম সদস্য এস এম সাইফ মোস্তাফিজ পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে জানান, গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণার্থে যে জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছিল, ক্ষমতার দাপটে সেখানে চরম রাজনৈতিক বিকৃতি ঘটানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে জুলাই আন্দোলনের যেসব ঐতিহাসিক চিত্র ও তথ্য কিউরেট করা হয়েছিল, তার একটি বড় অংশই বর্তমানে সরিয়ে ফেলা হয়েছে। মূল ঘটনাপ্রবাহকে গৌণ করে বিএনপির দলীয় আন্দোলন-সংগ্রামকে মুখ্য হিসেবে উপস্থাপন করার এক অপকৌশল অবলম্বন করা হয়েছে।

বিশেষ করে, ভৌগোলিক স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে গণমানুষের প্রতিবাদের ইতিহাসকে ইচ্ছাকৃতভাবে মুছে ফেলার চেষ্টা দৃশ্যমান হয়েছে। জাদুঘর থেকে কাঁটাতারে ঝুলে থাকা শহীদ ফেলানীর প্রতীকী ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে, সীমান্ত হত্যার প্রতিবাদী সেকশনটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে সংঘটিত ঐতিহাসিক গণআন্দোলনের তথ্যচিত্র বিলুপ্ত করা হয়েছে।

রাজনীতি বিশ্লেষকদের মতে, পতিত স্বৈরাচারী শাসনের উত্থান ও টিকে থাকার পেছনে প্রতিবেশী ভারতের বিতর্কিত ভূমিকার বিষয়টি অত্যন্ত সুস্পষ্ট। বিএনপির এ ধরনের আপসকামী ও নমনীয় নীতির সুযোগ নিয়েই আন্তর্জাতিক পরিমণ্ডলে বসে গণঅভ্যুত্থানের অপরাধীরা হুংকার দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। স্বার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে এ ধরনের নীতিহীন অবস্থানকে রাজনৈতিক দেউলিয়াত্ব হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

জাতীয় রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নেতৃত্ব দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছিল, বিএনপির এই কর্মকাণ্ড তা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইতিহাস বিকৃতি, জাতীয় চেতনার সাথে প্রবঞ্চনা এবং পুরোনো ফ্যাসিবাদী কাঠামো ধরে রাখার মানসিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই নীতিহীন অপচেষ্টা দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে বলে মন্তব্য করেছেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...