ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া: শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজার: বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঘোষণা করেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি ও কৃষক কার্ড তুলে দেবে সরকার।

বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া: শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
মঞ্চে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী 

আজ বুধবার দুপুর ২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তৃতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সম্প্রতি ঘোষিত জাতীয় বাজেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি সমালোচকদের কঠোর সমালোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণে অর্থ বরাদ্দ রেখে যে বাজেট প্রণয়ন করা হয়েছে, সেটিকে কিছু ব্যক্তি 'গণবিরোধী' ও 'চানাচুর বাজেট' হিসেবে আখ্যায়িত করছে। যে বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক প্রত্যাহার করা হয়েছে, সেটিকে যারা গণবিরোধী বলে, তারা কখনো জনগণের প্রকৃত বন্ধু হতে পারে না। এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের অর্থায়ন নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের কড়া জবাব দিয়ে সরকারপ্রধান বলেন, এই অর্থ অন্য কোথাও থেকে আসবে না, জনগণের টাকা জনগণের কাছেই ফেরত দেওয়া হবে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের আমানত আর কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না। পাচারকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের টাকা দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হলে কোনো অর্থসংকট থাকবে না।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া কখনো দেশের জনগণকে ছেড়ে যাননি এবং এই মাটি ও দেশই সবার শেষ ঠিকানা।

এর আগে, আজ সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারে আসেন। সেখানে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...