ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস (ICAPP)-এর সেক্রেটারি জেনারেল মি. ওহ সং (Mr. OH SONG)। আজ সোমবার (৮ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে এশীয় অঞ্চলের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আদর্শিক ও সাংগঠনিক সম্পর্ক সুদৃঢ়করণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
![]() |
| বৈঠকের ছবি: ফেসবুক থেকে সংগৃহীত |
সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে আইসিএপিপি (ICAPP)-এর সেক্রেটারিয়েট অফিসার মি. পার্ক বিয়ংচান (Mr. PARK BYEONGCHAN) এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি উপস্থিত ছিলেন।
বৈঠককালে আইসিএপিপি-এর সেক্রেটারি জেনারেল মি. ওহ সং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নিকট তাদের সংগঠনের বৈশ্বিক ও আঞ্চলিক কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি জানান, আইসিএপিপি-এর পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভা মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এশীয় অঞ্চলের রাজনীতিতে পারস্পরিক মূল্যবোধ ও নৈতিকতার বিকাশে এই সভার গুরুত্ব বিবেচনা করে তিনি বিরোধীদলীয় নেতাকে উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।
পাশাপাশি, এশিয়ার রাজনৈতিক দলগুলোর এই ঐতিহ্যবাহী ও প্রভাবশালী আন্তর্জাতিক ফোরামে (ICAPP) স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করার বিষয়েও নীতিগত ও দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই এশীয় অঞ্চলের স্থিতিশীলতা, সামাজিক মূল্যবোধ রক্ষা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
