ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ ডাকসু কার্যালয়ে এসে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কনসালট্যান্ট লি শাওপ্যাং। ডাকসুর নির্বাচিত নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভ্যর্থনা জানান।
![]() |
| চীনের প্রতিনিধির সাথে ডাকসুর বৈঠক |
সাক্ষাৎকালে চীনা দূতাবাসের এই কূটনৈতিক প্রতিনিধি ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের আসন্ন চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। দ্বিপাক্ষিক আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে তিনি ডাকসুর ভিপি সাদিক কাইয়্যেম-এর বিবাহিত জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে ব্যক্তিগতভাবে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন। ইসলামী সমাজব্যবস্থার অন্যতম ভিত্তি ও পবিত্র সামাজিক বন্ধন ‘বিবাহ’-এর প্রতি এমন সৌজন্যমূলক শুভেচ্ছা জ্ঞাপনকে উপস্থিত নেতৃবৃন্দ ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনা দূতাবাসের এই আনুষ্ঠানিক আমন্ত্রণে আগামীকাল থেকে ডাকসুর ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সপ্তাহব্যাপী চীন সফরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সফরকালীন সময়ে ডাকসু নেতৃবৃন্দ চীনের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও উন্নত গবেষণা কেন্দ্র, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। আধুনিক জ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি প্রতিনিধিদলটি চীনের ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন ঐতিহাসিক স্থানসমূহও ঘুরে দেখবেন। পারস্পরিক শিক্ষা, সুস্থ সাংস্কৃতিক মূল্যবোধের আদান-প্রদান এবং যুব সমাজের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
