ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

মির্জা ফখরুলের দায়িত্বজ্ঞানহীন ও অসত্য বক্তব্যের প্রতিবাদে জামায়াতের কঠোর হুঁশিয়ারি

ঢাকা: বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে প্রদত্ত উসকানিমূলক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আজ বুধবার (২০ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

মির্জা ফখরুলের দায়িত্বজ্ঞানহীন ও অসত্য বক্তব্যের প্রতিবাদে জামায়াতের কঠোর হুঁশিয়ারি
ছবি সংগৃহিত 

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে গৎবাঁধা মিথ্যাচার ও বিষোদ্গার করেছেন, তা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন। রাজনৈতিক দেউলিয়াত্ব এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো একটি সুশৃঙ্খল ও গণমুখী ইসলামী দলের বিরুদ্ধে ন্যক্কারজনকভাবে কুৎসা রটানোর পথ বেছে নিয়েছেন।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল বিএনপি মহাসচিবের ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে করা মন্তব্যের কড়া জবাব দেন। তিনি বলেন, “মির্জা ফখরুল অভিযোগ করেছেন যে আমরা ধর্মের নামে রাজনীতি করি। অথচ দেশবাসী ভালোভাবেই জানেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক দল। আমরা ধর্ম নিয়ে কখনো কোনো হীন ব্যবসার আশ্রয় নেই না। বরং ধর্ম নিয়ে ভণ্ডামি ও লোক দেখানো রাজনীতির ইতিহাস বিএনপিরই। সারা বছর যাদের ধর্মীয় কর্মকাণ্ডে দেখা যায় না, নির্বাচন ঘনিয়ে এলেই তাদের গাজোয়ান পাজামা-পাঞ্জাবি ও টুপি-তসবিহর ব্যবহার বেড়ে যায়। জনগণের ধর্মীয় আবেগকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার এই সস্তা কৌশল বিএনপির জন্যই বেশি প্রযোজ্য।”

ক্ষমতায় যাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, “তিনি দাবি করেছেন দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় বসাবে না। আমি তাকে স্মরণ করিয়ে দিতে চাই, জামায়াতে ইসলামী এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া একটি দল। অতীতে একাধিকবার সংসদ নির্বাচনে দেশপ্রেমিক জনতা জামায়াতকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে এবং আমাদের মন্ত্রীরা সততা ও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনার নজির স্থাপন করেছেন। জনগণের এই রায়কে যারা অস্বীকার করে, তারা আসলে গণতন্ত্রেই বিশ্বাস করে না।”

বিবৃতিতে তিনি আরও বলেন, “ঠাকুরগাঁওয়ের সভায় দেশবাসীকে বিভ্রান্ত করার হীন উদ্দেশ্যে যে সস্তা নাটক তিনি মঞ্চস্থ করার অপচেষ্টা করেছেন, তা তার মতো একজন সিনিয়র রাজনীতিকের কাছে কখনোই কাম্য নয়। অপপ্রচার চালিয়ে মিথ্যাকে সত্যে পরিণত করা যায় না।”

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে জামায়াতকে জড়িয়ে করা বিএনপি মহাসচিবের পুরোনো বয়ানকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে আখ্যায়িত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “জামায়াতে ইসলামী সব সময় দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। মিথ্যা ও কুৎসার ওপর ভিত্তি করে কখনো টেকসই রাজনীতি করা যায় না। রাজনীতি হওয়া উচিত সত্য, সততা এবং জনকল্যাণমূলক আদর্শের ভিত্তিতে। নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে জামায়াতের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য বন্ধ এবং অনতিবিলম্বে এই অসত্য মন্তব্য প্রত্যাহার করার জন্য আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানাচ্ছি।”

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...