ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

২০২৬-২৭ অর্থবছরের জন্য জামায়াতের ৮ লক্ষ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ: জনপ্রশাসন ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব

ঢাকা: আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি কল্যাণমুখী ও বিকল্প জাতীয় বাজেট প্রস্তাবনা পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে দলটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ছায়া বাজেট উপস্থাপন করা হয়। বিকল্প এই বাজেটে দেশের জনপ্রশাসন, শিক্ষা ও প্রযুক্তি এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধের বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের জন্য জামায়াতের ৮ লক্ষ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ: জনপ্রশাসন ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব
ছবি সংগৃহীত 

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন বিশদভাবে এই বাজেট প্রস্তাবনা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং জনকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

প্রস্তাবিত এই বাজেটের খাতভিত্তিক বরাদ্দ পর্যালোচনা করে দেখা গেছে, মোট বাজেটের সর্বোচ্চ ২৪.০৯ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে, যার আর্থিক পরিমাণ ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা। দেশের মানবসম্পদ উন্নয়ন ও নৈতিক শিক্ষার প্রসারে শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা (১৪.৯৬%) বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেট বিশ্লেষণে দেখা যায়, পূর্ববর্তী ঋণের দায়ভার ও সুদের বোঝা পরিশোধে বৃহৎ অঙ্কের অর্থ বরাদ্দ রাখতে বাধ্য হয়েছে দলটি। সুদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট প্রস্তাবিত বাজেটের ১৫.১৯ শতাংশ। এছাড়া দেশের যোগাযোগ অবকাঠামোর টেকসই উন্নয়নে পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫,৩৪০ কোটি টাকা (৭.৭৮%) বরাদ্দের রূপরেখা দেওয়া হয়েছে।

জনগণের খাদ্য নিরাপত্তা ও কৃষি ব্যবস্থার আধুনিকায়নে কৃষি খাতে ৫১,৬৭০ কোটি টাকা (৬.১৫%) এবং সমাজের অবহেলিত, গরিব ও দুস্থ মানুষের সহায়তায় সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪৮,১৫০ কোটি টাকা (৫.৭৪%) বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সাথে জনস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা খাতে ৪৫,২৪০ কোটি টাকা (৫.Check ৩৯%) এবং তৃণমূল পর্যায়ের সুষম উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৫,২২০ কোটি টাকা (৫.৩৯%) বরাদ্দের কথা বলা হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের মধ্যে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রতিরক্ষা খাতে ৪৩,৪৬২ কোটি টাকা (৫.১৮%), অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪,৪৫৭ কোটি টাকা (৪.১০%), এবং দেশের শিল্প ও উৎপাদন খাতকে সচল রাখতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪,৯৫০ কোটি টাকা (২.৯৭%) বরাদ্দ রাখার প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...