ঢাকা: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে অপরাধীচক্র দেশজুড়ে বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি।
![]() |
| ফাইল ফটো |
আজ এক বিবৃতিতে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "দেশে বর্তমানে জননিরাপত্তা চরম হুমকির মুখে। বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশের সাধারণ মানুষ আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। সরকারের শিথিল প্রশাসন এবং দুর্বল আইন প্রয়োগ ব্যবস্থার সুযোগ নিয়ে অপরাধীরা জনমনে ত্রাসের রাজত্ব কায়েম করছে।"
তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ভয়াবহ অবনতির দায়ভার সরকারকেই নিতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের মূল দায়িত্ব হচ্ছে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ বর্তমান সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।"
ঢাকা মহানগরী উত্তরের আমীর বলেন, "জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি, রাষ্ট্রযন্ত্র অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং সঠিক নজরদারির অভাবে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, যা দেশ ও জাতির জন্য অশনিসংকেত।"
অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
