ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছার নিদর্শন হিসেবে তিনি ফুল ও মিষ্টি পাঠিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই উপহার পৌঁছে দেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পাঠানো এই ফুল ও মিষ্টি গ্রহণ করেন। এ সময় গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সৌজন্যতা ও শুভেচ্ছা বিনিময় দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে।
