ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

কারচুপির অভিযোগের মধ্যেই বিএনপি পেল ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ভোট

ব্যাপক কারচুপির অভিযোগ ও বিতর্কের মধ্যেই সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পড়ার হার ও ফলাফলের পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

​প্রকাশিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়ে ২১২টি আসনে জয়লাভ করেছে বিএনপি জোট এবং তারা সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে ৭৭টি আসন নিশ্চিত করেছে।

কারচুপির অভিযোগের মধ্যেই বিএনপি পেল ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ভোট

তৃতীয় শক্তিতে এনসিপি, জামানত হারিয়েছে অনেকে

ইসির তথ্যে দেখা যায়, দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। এছাড়া ৭টি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের ঝুলিতে গেছে ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট।

​অন্যান্য দলের মধ্যে ২৫৭ জন প্রার্থী দেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ ভোট। জাতীয় পার্টি ০ দশমিক ৮৯ শতাংশ এবং গণঅধিকার পরিষদ ০ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছে।

মঙ্গলবার শপথ গ্রহণ

আগামী মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

​উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দিন শুক্রবার রাতে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিরোধী জোট ও বিভিন্ন মহল থেকে ব্যাপক কারচুপির অভিযোগ তোলা হয়েছে।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...