পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় চরম দারিদ্র্য ও শারীরিক প্রতিবন্ধকতার শিকার তিন সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অসহায় ওই তিন ভাইয়ের মানবেতর জীবনযাপনের খবর পেয়ে তিনি নিজের এক মাসের পূর্ণাঙ্গ বেতন ও ভাতা তাদের চিকিৎসার ব্যয় ও জীবনমান উন্নয়নের জন্য উপহার হিসেবে প্রদান করেছেন।
![]() |
| অনুদান গ্রহণ করছেন সনাতনী তিন ভাই |
দীর্ঘদিন ধরে ওই তিন ভাই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে মানবেতর জীবন অতিবাহিত করছিলেন। তাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা মেটানো এবং চিকিৎসা খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছিল। এই দুঃসময়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তাদের খোঁজ নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
রাজনৈতিক ও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। ড. শফিকুল ইসলাম মাসুদের এই মানবিক কর্মকাণ্ড দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা দিচ্ছে, তা অসাম্প্রদায়িক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি দেশের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে সুবিধাবঞ্চিত মানুষের দুঃসময়ে সবাই যার যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন। আল্লাহর রহমতে এই তিন ভাইয়ের জীবন সহজ ও সুন্দর হয়ে উঠুক এবং দেশের প্রতিটি প্রান্তের অসহায় মানুষ এমন মানবিক সহায়তার ছায়াতলে আসুক—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
