ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

নাটকীয়তার অবসান: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

দীর্ঘ চারদিনের রাজনৈতিক অনিশ্চয়তা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় ব্যক্তিত্ব ও 'তামিলাগা ভেত্রি কাঝাগম' (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যায় তিনি রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

নাটকীয়তার অবসান: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
থালাপতি বিজয়

গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল 'টিভিকে' অভাবনীয় সাফল্য অর্জন করে। ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়লাভ করে তারা গত ৬২ বছর ধরে চলা ডিএমকে ও এআইএডিএমকের দ্বিমেরু রাজনীতির আধিপত্য চুরমার করে দেয়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা (১১৮ আসন) না থাকায় সরকার গঠন নিয়ে একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছিল।

রাজ্যপাল আর ভি আরলেকার পূর্বেই জানিয়ে দিয়েছিলেন যে, প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন ছাড়া তিনি কাউকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না। এই পরিস্থিতিতে থালাপতি বিজয় গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যান। কংগ্রেসের ৫ জন বিধায়কের সমর্থন পাওয়ার পর শুক্রবার দুপুরে বামপন্থী দলগুলো ও ভিসিকে-এর সমর্থন নিশ্চিত হওয়ায় তার ঝুড়িতে প্রয়োজনীয় সমর্থন জমা পড়ে।

সূত্রমতে, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এবং ভারতের কমিউনিস্ট পার্টি—এই তিনটি দল থেকে ২ জন করে মোট ৬ জন বিধায়ক বিজয়কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে রাজনৈতিক সমীকরণে বিজয়ের পক্ষে প্রয়োজনীয় ১১৮টি আসনের সমর্থন নিশ্চিত হয়।

বর্তমানে চেন্নাইয়ে বিজয়ের বাসভবনের সামনে হাজার হাজার সমর্থক ‘টিভিকে, টিভিকে’ স্লোগানে আনন্দ মিছিল করছেন। দীর্ঘদিনের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের হাত ধরে তামিলনাড়ু এক নতুন প্রশাসনিক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রাজ্যপালের কাছে বিধায়কদের সমর্থনপত্র জমা দেওয়ার মধ্য দিয়েই বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ চূড়ান্তভাবে প্রশস্ত হবে।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...