ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

নোয়াখালীতে সরকারি চাল উদ্ধার এবং শাহ আলীর ঘটনায় জামায়াতের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন: জামায়াতের বিবৃতি

সম্প্রতি মিরপুরের হযরত শাহ আলী (র.) মাজারে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগকে সম্পূর্ণ অপ্রমাণিত, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে দলটি।

নোয়াখালীতে সরকারি চাল উদ্ধার

রোববার (১৭ মে, ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান। তিনি স্পষ্ট করেন যে, জামায়াত একটি আদর্শিক ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে সর্বদাই মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা এবং সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী কখনোই কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্মীয় অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এবং দলটি হামলা-সহিংসতার রাজনীতি সম্পূর্ণ পরিহার করে চলে। সম্প্রতি বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার কোনো নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই এই ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বক্তব্য প্রদান করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। দেশের একজন সচেতন বুদ্ধিজীবী ও চিন্তকের কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য জাতি প্রত্যাশা করে না উল্লেখ করে তিনি বলেন, এ জাতীয় অপপ্রচার সমাজে বিভ্রান্তি, বিভাজন ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। দেশের চলমান বাস্তবতায় সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একই সাথে শাহ আলী মাজারে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

নোয়াখালীতে সরকারি চাল উদ্ধার নিয়ে জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

এদিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে সরকারি চাল উদ্ধারের একটি ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলের নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার। রোববার এক বিবৃতিতে তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে জেলা আমির স্পষ্ট করেন যে, স্থানীয় পল্লী চিকিৎসক ও জামায়াত কর্মী আবদুস সামাদের ভাই আলী আজগর জামায়াতের কোনো স্তরের জনশক্তি বা সদস্য নন। তার ব্যক্তিগত চাল ব্যবসার কোনো দায়দায়িত্ব দলের ওপর বর্তায় না। তদুপরি, প্রাপ্ত তথ্য অনুযায়ী উক্ত চাল আবদুস সামাদের বাড়ি থেকে নয়, বরং তার এক প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে একটি সাধারণ বাণিজ্যিক বিষয়কে জামায়াতে ইসলামীর সাথে জুড়ে দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সামাজিক ও নৈতিক মূল্যবোধের পরিপন্থী এ ধরনের মিথ্যা প্রচার থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...