ঢাকা: দৈনিক কালবেলায় ‘জামায়াত আমীরের জালিয়াত উপদেষ্টা’ শিরোনামে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও সাংবাদিকতার শিষ্টাচার বহির্ভূত বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আজ বৃহস্পতিবার (২১ মে) এক বিবৃতিতে তিনি এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
![]() |
| ফাইল ফটো |
বিবৃতিতে এডভোকেট জুবায়ের বলেন, যে ব্যক্তিকে কেন্দ্র করে সংবাদটি সাজানো হয়েছে, তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান কোনো সম্পর্ক নেই। জামায়াতে ইসলামীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যেই এ ধরণের ভিত্তিহীন শিরোনাম ব্যবহার করা হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, অভিযুক্ত ব্যক্তি জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন এবং বর্তমানে তিনি জামায়াত আমীরের কোনো উপদেষ্টাও নন।
তিনি উল্লেখ করেন, অতীতে একটি নির্দিষ্ট সময়ের জন্য ওই ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং বর্তমানেও নেই। এমনকি প্রকাশিত প্রতিবেদনের ভেতরেও জামায়াতে ইসলামীর সম্পৃক্ততার কোনো তথ্য নেই। অথচ শিরোনামে উদ্দেশ্যমূলকভাবে দলের নাম জড়িয়ে বিদ্বেষ ছড়ানো হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘন।
এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, বর্তমানে জামায়াতে ইসলামীর আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান এমপি।
বিবৃতিতে তিনি ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং ব্যক্তি বা দলের চরিত্র হননের উদ্দেশ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে দৈনিক কালবেলা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
