ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এবং তাকে ডিম নিক্ষেপের অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
![]() |
| নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলা |
২২ মে, শুক্রবার বাদ জুম'আ এক বিবৃতিতে তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে এডভোকেট জুবায়ের বলেন, “গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উসকানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
পরিশেষে, দেশের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও সহনশীল রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় নেতা।
