চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক যুব ও সুধী সমাবেশে তিনি দলের আদর্শ, নীতি ও কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সহযোগী সদস্য পদের ফরম পূরণ করেন। উল্লেখ্য, তিনি ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
![]() |
| ছবি: সংগৃহিত |
মতলব পৌরসভা জামায়াতের সেক্রেটারি কবির হোসেন দেওয়ান ও যুব বিভাগের সেক্রেটারি ইদ্রিস খানের যৌথ সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ ওসমানী, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুর রশীদ পাটওয়ারী এবং পৌর জামায়াতের আমির মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান। এছাড়াও পেশাজীবী বিভাগের সভাপতি রেদওয়ান আহমেদ জাকির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরীফ পাটওয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার প্রতি গভীর অনুরক্তি প্রকাশ করে যোগদান শেষে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান বলেন, "আল্লাহর আইন ও কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ ও রাষ্ট্র পরিচালিত হোক—এই প্রত্যাশা থেকেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।"
পবিত্র ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে নিজের রাজনৈতিক নিষ্কলঙ্কতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "আমি আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না এবং জীবনে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হইনি। ভবিষ্যতেও ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কোরআন-সুন্নাহর মহান আদর্শ অনুসরণ করে চলতে চাই।"
উক্ত সমাবেশে বক্তারা তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দেশের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী আদর্শ ও ঐতিহ্যবাহী মূল্যবোধ প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
