নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা ও নারীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এর বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এক বিবৃতিতে তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে এই বার্তা দেন। তিনি অভিযোগ করেন, ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে একটি বিশেষ দলের উশৃঙ্খল কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাচ্ছে।
ডা. শফিকুর রহমান বলেন, “দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর হামলা এবং এমনকি আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর আমাদের কাছে আসছে। ন্যায় ও সত্যের ওপর আমরা অটল থাকব এবং কোনো অপশক্তির কাছে মাথা নত করব না।”
জামায়াত আমীর নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, যেখানেই এ ধরনের আঘাত আসবে, সেখানেই সাধারণ জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়াতে হবে এবং তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ বিষয়ে কোনো প্রকার দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই বলে তিনি হুঁশিয়ারি দেন।
সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে ‘মানবতা, দেশপ্রেম ও ঈমানের দাবি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”
নির্বাচন পরবর্তী এই অস্থিতিশীল পরিবেশে সবাইকে ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বানও জানান তিনি।
