সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে 'ছায়া মন্ত্রিসভা' (Shadow Cabinet) গঠনের প্রস্তুতি নিচ্ছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)। দলটির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, সরকারের কর্মকাণ্ডে কড়া নজরদারি এবং সার্বিক কার্যক্রমে একটি শক্তিশালী 'ওয়াচডগ' (Watchdog) হিসেবে কাজ করবে এই ছায়া মন্ত্রিসভা। মূলত প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ছায়া মন্ত্রিসভা একটি প্রচলিত ধারণা, যেখানে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী বা সংশ্লিষ্ট দলের একজন প্রতিনিধি বা কমিটি কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এনসিপি এই কাঠামোর মাধ্যমেই সরকারের নীতি ও কাজের গঠনমূলক সমালোচনা ও বিকল্প প্রস্তাবনা তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।
