ব্রেকিং নিউজ
লোডিং হচ্ছে...

নির্বাচনে কারা কত আসন পাবে, সেটা আগেই ঠিক করা ছিল: পাটওয়ারী

নির্বাচনে কোন দল বা প্রার্থী কতটি আসন পাবে, তা আগে থেকেই নির্ধারিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি অভিযোগ করে বলেন, "মানুষ আমাদের ওপর ভরসা রেখেছে। সাভার থেকে একজন ৯০ বছরের বৃদ্ধা আমাকে ভোট দিতে এসেছিলেন, যিনি ঠিকমতো কথা বলতে পারেন না। এমনকি একজন ক্যান্সারের রোগীও ভোট দিতে এসেছিলেন। কিন্তু এই মানুষগুলোর ভোট চুরি করা হয়েছে।"

নির্বাচনে কারা কত আসন পাবে, সেটা আগেই ঠিক করা ছিল: পাটওয়ারী

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে সংযুক্ত আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরা ২৪ জন প্রবাসীকে নিয়ে আয়োজিত এনসিপির এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে পাটওয়ারী বলেন, "এনসিপি যে কয়েকটি আসনে জয়লাভ করেছে, তা মূলত প্রবাসীদের ভোটেই সম্ভব হয়েছে। তারা অভূতপূর্বভাবে আমাদের প্রতীক 'শাপলা কলি' এবং ১১ দলীয় জোটে ভোট দিয়েছেন।"

তিনি আরও বলেন, "আপনাদের এই ঋণ কোনো কিছু দিয়েই শোধ করা সম্ভব নয়। দেশ যখনই বিপদে পড়েছে, প্রবাসীরা এগিয়ে এসেছেন; ঠিক যেমনটি তারা বাংলাদেশের গণঅভ্যুত্থানের সময়ও করেছিলেন। যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে এবং ভোট চুরি করা হয়েছে, তার জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।"

সরকার ও বিরোধী দলের বর্তমান সম্পর্কের বিষয়ে তিনি বলেন, "এখন নতুন করে কুসুম কুসুম প্রেম দেখা যাচ্ছে। আপনারা দেখছেন বিরোধী দলীয় নেতাদের বাসায় যাওয়া-আসা চলছে। কিন্তু বিরোধী দলের কাছে যাওয়ার আগে সরকারের উচিত ছিল জনগণের কাছে যাওয়া।"

সংসদ গঠন ও মন্ত্রণালয় বণ্টন নিয়ে সতর্ক করে এনসিপির এই নেতা বলেন, "যারা এই নির্বাচনটি করিয়েছেন, আপনারা অনেক চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজকে সংসদে ঢুকিয়েছেন। এদের কোনো মন্ত্রণালয় দেবেন না। যতটুকু হয়েছে, ততোটুকুই সীমাবদ্ধ থাকুন। চুরি করেছেন, এখন সিনাজুরি করতে যাবেন না। আমরা শুনতে পাচ্ছি কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ গৃহায়ন মন্ত্রণালয়—এমন বিভিন্ন দপ্তরে চোখ দিচ্ছেন।"

সংবাদ সম্মেলনের শেষে পাটওয়ারী ঘোষণা করেন যে, পুরো রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করবেন।

শেয়ার করুন:

নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...