হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে তিনি এই আমন্ত্রণ জানান।
জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক পরিবেশে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে। সূচি অনুযায়ী, প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এবং এরপর বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক অঙ্গনে এই আমন্ত্রণকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে, বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুহাম্মাদ রেজাউল করীমের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।
আগামীকালের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
