রাজধানীতে শিশু রামিশা হত্যাকাণ্ডসহ দেশজুড়ে ক্রমবর্ধমান অপরাধ, চাঁদাবাজি ও অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
![]() |
| ফাইল ফটো |
বুধবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হবে।
দলের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা সমাবেশে অংশগ্রহণ করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের।
বুধবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে শিশু হত্যা, জননিরাপত্তার ঝুঁকি ও চাঁদাবাজির যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে, তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে। সামাজিক শৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে দলটি দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
