রাজধানীর নয়া পল্টন ও গুলিস্তান এলাকায় সড়কের পাশ থেকে কাটা একটি পা ও দুটি হাত উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ও শনিবার সকালে পৃথক স্থান থেকে এই খণ্ডিত অংশগুলো পাওয়া যায়।
![]() |
| প্রতিকী ছবি |
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা তিনটি খণ্ডিত অংশই নরসিংদীর শিবপুরের বাসিন্দা ৩০ বছর বয়সী ওবায়দুল্লাহর। ফিঙ্গারপ্রিন্ট বা হাতের আঙ্গুলের ছাপ পরীক্ষা করে পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সংবাদমাধ্যমকে জানান, “আমরা প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পেরেছি। বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ চলছে।”
তিনি আরও বলেন, “শুক্রবার রাত ২টার দিকে নয়া পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি পা উদ্ধার করা হয়। এরপর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বায়তুল মোকাররমের সামনে থেকে দুটি হাত পাওয়া যায়।”
ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ জানিয়েছেন, দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে। এছাড়াও, কে বা কারা এই খণ্ডিত অংশগুলো ফেলে গেছে তা শনাক্ত করতে ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, নিহত ওবায়দুল্লাহর বাড়ির ঠিকানায় যোগাযোগ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ বা এই ঘটনার পেছনে কার হাত রয়েছে সে সম্পর্কে পুলিশ এখনও নির্দিষ্ট কিছু জানায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
